কাল থেকে চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ পাবে কারখানা: ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ২০টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
বৈঠকে ব্যবসায়ীরা শিল্প খাতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আলোচনা শেষে মঙ্গলবার থেকে চাহিদামাফিক জ্বালানি সরবরাহের আশ্বাস পাওয়ার কথা জানান তারা।
এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক বলেন, ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের ওপর আস্থা রাখতে চায়। একই সঙ্গে ব্যবসা ও শিল্প খাতের স্বার্থে সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সেগুলোর সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়নও প্রত্যাশা করেন ব্যবসায়ীরা।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে শিল্পকারখানার উৎপাদন বাড়বে এবং ব্যবসা-বাণিজ্যে স্থিতিশীলতা ফিরবে বলে আশা করছেন তারা।
এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, ২০২৮ সালের আগেই নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ চালুর উদ্যোগ নিয়ে কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, নতুন এ টার্মিনালসহ আগের দুটি মিলিয়ে সরকারের মোট পাঁচটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্থলভাগেও এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার।
ব্যবসায়ী নেতারা আশা করছেন, নতুন এলএনজি টার্মিনাল ও গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ বাস্তবায়িত হলে শিল্প খাতে জ্বালানি সংকট দীর্ঘমেয়াদে কমে আসবে।


