সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত শহরের কিং খালিদ বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি করেন সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

হুতিদের দাবি, ঘাঁটির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বিমান রাখার হ্যাঙ্গার, রাডার ব্যবস্থা, রানওয়ে এবং অস্ত্রভান্ডার।

হুতি মুখপাত্রের ভাষ্য, হামলায় বিমান ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হুতিদের দাবি, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে সৌদি ভূখণ্ডে এ হামলা চালানো হয়েছে। গত পাঁচ দিনে ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি যুদ্ধবিমান তিন শতাধিক হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে গোষ্ঠীটি।

এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় খামিস মুশাইত এলাকায় সাময়িক সতর্কতা জারি করেছিল সৌদি সিভিল ডিফেন্স। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানিয়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হওয়া ও ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযান অব্যাহত থাকলে সৌদি ভূখণ্ডে হামলার মাত্রা আরও বাড়ানোর হুমকি দিয়েছে হুতি গোষ্ঠী।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর থেকেই সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে হুতিরা। এক দশকের বেশি সময় ধরে চলা এই সংঘাতে বিভিন্ন সময়ে পাল্টাপাল্টি হামলা হয়েছে। সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনায় অঞ্চলটিতে আবারও উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।