নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা

অন্যান্য
নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা
১৫ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল ঠেকাতে পুলিশের ব্যর্থতা নিয়ে বিতর্কের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কড়া সতর্ক করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। যে কোনো মূল্যে নিষিদ্ধ দলটির মিছিল, সমাবেশ বা অপতৎপরতা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ওসিকে জবাবদিহির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় থানার ওসিদের এ নির্দেশনা দেওয়া হয়। সভায় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশের দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভা সূত্রে জানা গেছে, গুলশানে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসে। গত শুক্রবার ওই মিছিলের মাত্র আট মিনিট আগে একটি গোয়েন্দা সংস্থা থেকে পুলিশ তথ্য পেয়েছিল বলে সভায় জানানো হয়। তথ্য পাওয়ার পরপরই মিছিল ও দলটির অন্যান্য অপতৎপরতা ঠেকাতে গুলশান থানা পুলিশ উদ্যোগ নেয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে ভবিষ্যতে রাজধানীর কোথাও যেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে মিছিল বা কোনো ধরনের কর্মসূচি পালন করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গুলশানের মিছিল এবং পুলিশের ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় কোনো নির্দিষ্ট পুলিশ কর্মকর্তাকে এককভাবে দায়ী করা হয়নি বলে সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা জানিয়েছেন। তবে গোয়েন্দা তথ্য পাওয়ার ক্ষেত্রে কোথায় ঘাটতি ছিল এবং পুলিশের প্রস্তুতিতে কোনো দুর্বলতা ছিল কি না, তা নিয়ে আলোচনা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। এতে ডিএমপির বিভিন্ন বিভাগের অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, অপরাধ বিভাগের উপকমিশনার এবং রাজধানীর ৫০ থানার ওসিরা উপস্থিত ছিলেন।

ছিনতাই-কিশোর গ্যাং দমনে নির্দেশ

সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকানোর পাশাপাশি রাজধানীতে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে থানার ওসিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তাদের শৃঙ্খলা মেনে দায়িত্ব পালনের ওপরও জোর দেন ডিএমপি কমিশনার। দায়িত্ব পালনে কোনো ধরনের গড়িমসি বা অবহেলা বরদাশত করা হবে না বলে তিনি সতর্ক করেন।

এ ছাড়া আবাসিক হোটেলসহ রাজধানীর বিভিন্ন হোটেলে অবস্থানকারী অতিথিদের তথ্য নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে অতিথিদের তথ্য সংগ্রহের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতেও বলা হয়েছে।

প্রবেশপথে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের বিভিন্ন অঞ্চল থেকে অপরাধীরা যাতে ঢাকায় এসে অপরাধ সংঘটিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।

রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্লক চেকসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেন তিনি। সন্দেহভাজন ব্যক্তিদের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই তাদের গতিবিধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন কমিশনার।

থানায় ওসিদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ

সভায় থানায় দায়িত্বপ্রাপ্ত ওসিদের নিয়মিত উপস্থিতির বিষয়টিও গুরুত্ব পায়। সম্প্রতি তেজগাঁও থানায় পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ওসিকে পাননি। একইভাবে পল্টন থানায় গিয়ে আইজিপি আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিনও ওসিকে থানায় পাননি বলে সভায় বিষয়টি উঠে আসে।

এরপর তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা এবং পল্টন মডেল থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খানকে প্রত্যাহার করা হয়।

ওই ঘটনাগুলো সামনে রেখে থানায় ওসিদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়ে সতর্ক করেন ডিএমপি কমিশনার। তিনি নির্দেশ দেন, দায়িত্ব পালনকালে ওসিদের থানায় অবস্থান করতে হবে এবং গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

ডিউটির সময় নির্ধারিত পোশাক পরার পাশাপাশি থানার পরিবেশ ও পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে থানার বাইরে যেতে হলে সাধারণ ডায়েরিতে (জিডি) বিষয়টি উল্লেখ করে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে যেতে হবে।

কোনো এলাকায় নিরাপত্তাশূন্যতা নয়

সভায় থানা এলাকার বিভিন্ন অংশে দায়িত্ব ভাগ করে পুলিশ সদস্যদের ডিউটি করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো এলাকায় যেন নিরাপত্তার ক্ষেত্রে শূন্যতা তৈরি না হয় এবং দায়িত্ব পালনে কোনো ঘাটতি না থাকে, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

অপরাধ প্রতিরোধে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশও দেওয়া হয়।

সামগ্রিকভাবে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।