নতুন অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.৩ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম আড়াই মাসে দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬ দশমিক ৩৭৫ বিলিয়ন ডলার।
সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৯৭৬ মিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের ১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১ দশমিক ৫২৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ দশমিক ৪৭৫ বিলিয়ন ডলার। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ।
এদিকে, ১৪ সেপ্টেম্বর একদিনেই প্রবাসী বাংলাদেশিরা বৈধ চ্যানেলে দেশে ৯৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও এর সুফল মিলছে।


