আ.লীগ সমর্থকের বাড়িতে খাওয়ার অভিযোগ, প্রত্যাহার ওসি
ছবি: সংগৃহীত
নোয়াখালীর সেনবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সমর্থক ব্যবসায়ীর বাড়িতে আয়োজিত ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারের বিরুদ্ধে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হলে তাকে সেনবাগ থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনা নিয়েও থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পাশাপাশি উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসি আবদুর রহিম সরকারের অংশ নেওয়ার অভিযোগ সামনে আসে।
পরে ভূরিভোজে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় তাকে সেনবাগ থানা থেকে প্রত্যাহার করা হয়।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, শনিবার সন্ধ্যায় প্রত্যাহারের পর ওসি আবদুর রহিম সরকার থানা থেকে চলে গেছেন। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে এখনো তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


