ডিসেম্বরে ‘রানীমা’ আসার কথা বলা হচ্ছে, ষড়যন্ত্র চলছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে
ডিসেম্বরে ‘রানীমা’ আসার কথা বলা হচ্ছে, ষড়যন্ত্র চলছে: স্বাস্থ্যমন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘বেহেশতের টিকিট বিক্রিকারীরা’ আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে। তিনি দাবি করেন, একটি পক্ষ ডিসেম্বরে তাদের ‘রানীমা’ দেশে আসবেন বলে প্রচার করছে এবং অন্য একটি পক্ষ ডিসেম্বরে সরকারের পতন ঘটানোর কথা বলছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এ কারণে সবাইকে সতর্ক থাকতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, আওয়ামী লীগ সরকার জনগণকে পরনির্ভরশীল রাখার জন্য নতুন কোনো গ্যাসকূপ খনন করেনি বলে তিনি মনে করেন। বর্তমান সরকার বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরে গ্যাসকূপ খননের উদ্যোগ নেবে।

তিনি বলেন, দেশে গ্যাসের উৎপাদন বাড়ানো গেলে বিদ্যুৎ উৎপাদনও বাড়ানো সম্ভব হবে। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে বিভিন্ন সরকারি স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। জ্বালানি ও বিদ্যুতের ক্ষেত্রে অন্যের ওপর নির্ভরশীলতা কমানোই সরকারের লক্ষ্য।

দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাস থেকে ব্যাপকভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণের পিলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ শুরু করা হবে।

তিনি আরও বলেন, স্বাভাবিক প্রসবের হার বাড়াতে নতুন ওষুধ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা হচ্ছে। চিকিৎসাসেবা নিতে গিয়ে কেউ যেন দালালের খপ্পরে পড়ে অপ্রয়োজনে সিজারিয়ান প্রসবের দিকে না যান, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী শনিবার থেকে পুনরায় হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। যেসব শিশু এখনো টিকা নেয়নি, তাদের দ্রুত টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌরসভা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে মন্ত্রী উপজেলার বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এর আগে সকালে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কাটাবাড়িয়া এলাকায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির একটি অভিযোগ কেন্দ্র উদ্বোধন করেন তিনি।