জলদস্যুদের হামলায় ৫ নাবিক নিহত, সোমালিয়ার উপকূলে ট্যাংকার উদ্ধার

জলদস্যুদের হামলায় ৫ নাবিক নিহত, সোমালিয়ার উপকূলে ট্যাংকার উদ্ধার

ছবি: সংগৃহীত

৩০ সেপ্টেম্বর ২০২৬

সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি থাকা একটি তেলবাহী ট্যাংকার উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। উদ্ধার অভিযান শুরুর আগে জাহাজে থাকা নাবিকদের ওপর গুলি চালায় জলদস্যুরা। এতে পাঁচ নাবিক নিহত ও চারজন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

নিহত পাঁচ নাবিকের মধ্যে তিনজন পাকিস্তানি, একজন মিয়ানমারের এবং একজন ভারতের নাগরিক। আহত চারজনের মধ্যে তিনজন পাকিস্তানি ও একজন ভারতীয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

‘এমটি অনার ২৫’ নামের ট্যাংকারটি পালাউয়ের পতাকাবাহী। গত ২১ এপ্রিল পুন্টল্যান্ড উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ছিনতাই করা হয়। ওই সময় জাহাজটিতে ১৭ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ১০ জন পাকিস্তানি।

পুন্টল্যান্ডের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এ সময় ১৬ জলদস্যুকে আটক করা হয়েছে। অভিযান শুরুর আগে জলদস্যুরা পাঁচ নাবিককে হত্যা করে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

পাকিস্তানের মানবাধিকারকর্মী আনসার বার্নিও পাঁচ নাবিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার নেতৃত্বাধীন আনসার বার্নি ট্রাস্ট আগে থেকেই জাহাজে থাকা নাবিকদের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিল বলে তিনি জানান।

আহত নাবিকদের নিরাপদে নিজ নিজ দেশে ফেরত পাঠানো এবং নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তিনি।

নিহত পাকিস্তানি নাবিকদের একজন কাশিফ উমর। করাচির বাফার জোন এলাকার বাসিন্দা উমর প্রায় ২৫ বছর ধরে মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন। আনসার বার্নি ট্রাস্ট জানিয়েছে, মৃত্যুর আগে শেষ কথোপকথনে তিনি জাহাজে খাবার, পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ফুরিয়ে আসার কথা জানিয়েছিলেন।

ট্যাংকারটি ছিনতাইয়ের পর জাহাজে থাকা পাকিস্তানি নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। গত মাসে ১০ পাকিস্তানি নাবিককে নিরাপদে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক নৌসংস্থার (আইএমও) হস্তক্ষেপও চেয়েছিল পাকিস্তান।

এটি পুন্টল্যান্ডে সাম্প্রতিক দ্বিতীয় বড় জলদস্যুবিরোধী অভিযান। এর আগে এক সপ্তাহ আগে একই ধরনের অভিযানে ‘সিবু ১’ নামের একটি ট্যাংকার উদ্ধারের কথা জানিয়েছিল পুন্টল্যান্ডের সামুদ্রিক পুলিশ।

সাম্প্রতিক সময়ে সোমালিয়ার উপকূলে জলদস্যুদের তৎপরতা ফের বাড়ায় এডেন উপসাগর ও পশ্চিম ভারত মহাসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত সোমালি জলদস্যুদের তৎপরতা ব্যাপক আকার ধারণ করেছিল। ওই সময়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিপুল অর্থনৈতিক ক্ষতি এবং বড় অঙ্কের মুক্তিপণ দেওয়ার ঘটনা ঘটে।