সেপ্টেম্বরজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯

দেশজুড়ে
সেপ্টেম্বরজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯
৪ অক্টোবর ২০২৬

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪ জন আহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ছিল ১৫৪টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৯ জন, যা মোট সড়ক দুর্ঘটনায় নিহতের ৩২ দশমিক ৮৬ শতাংশ।

রোববার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে যানবাহনভিত্তিক প্রাণহানিতে সবচেয়ে এগিয়ে মোটরসাইকেল চালক ও আরোহীরা। তাদের মধ্যে ১০৬ জন পথচারী এবং যানবাহনের চালক ও সহকারীসহ আরও ৫৩ জন নিহত হয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া বাসের যাত্রী ২৬ জন, ট্রাক, কাভার্ডভ্যান ও ট্রলির আরোহী ১৯ জন, মাইক্রোবাস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স ও জিপের আরোহী ২১ জন, থ্রি-হুইলার যাত্রী ৮৮ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ১৮ জন এবং বাইসাইকেল আরোহী ৬ জন নিহত হয়েছেন।

থ্রি-হুইলারের মধ্যে অটোরিকশা, অটোভ্যান, ইজিবাইক, সিএনজি ও লেগুনা রয়েছে। আর স্থানীয়ভাবে তৈরি যানবাহনের মধ্যে নসিমন, ভটভটি, মাহিন্দ্র ও টমটম অন্তর্ভুক্ত।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ঢাকা বিভাগে

সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ১৩২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৪ জন।

একক জেলা হিসেবে গাজীপুরে সর্বোচ্চ ৩৮ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৫২টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন।

একই সময়ে দেশে ১১টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত, ৭ জন আহত এবং ৪ জন নিখোঁজ হয়েছেন। এ ছাড়া ২৩টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

অতিরিক্ত গতিই বড় কারণ

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, অধিকাংশ সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ অতিরিক্ত গতি ও যানবাহনের নিয়ন্ত্রণ হারানো। এর পাশাপাশি ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, চালকদের অদক্ষতা, বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং ট্রাফিক আইন না মানার প্রবণতাও দুর্ঘটনার জন্য দায়ী।

দুর্ঘটনা কমাতে প্রযুক্তির মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, চালকদের যথাযথ প্রশিক্ষণ, মেয়াদোত্তীর্ণ যানবাহন সড়ক থেকে প্রত্যাহার এবং সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।