সৌদির বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত বিভিন্ন দেশের নাগরিক
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এ ঘটনায় বিভিন্ন দেশের নাগরিক ও বাসিন্দাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হামলার প্রথমটি বিমানবন্দরের স্থাপনায় এবং দ্বিতীয়টি সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে আঘাত হানে।
বিবৃতিতে বলা হয়, হামলার পরপরই জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এতে বিভিন্ন দেশের নাগরিক ও বাসিন্দাদের মধ্যে কয়েকজন হতাহত হন। আহতদের কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হামলায় বিমানবন্দরের কিছু স্থাপনা ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়ার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে বিমানবন্দরে ফ্লাইট চলাচল আবার শুরু হয়।
সৌদি এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, হামলার সময় বিমানবন্দরে মাটিতে থাকা তাদের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সে সময় উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না।
হামলায় বিমান সংস্থাটির একজন কর্মী নিহত হয়েছেন বলেও নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সৌদি এয়ারলাইনস।
হামলার জন্য দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর পরিচয় এখনো প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। তবে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ার প্রেক্ষাপটে এ হামলার ঘটনা ঘটেছে।
হামলার সঙ্গে ইয়েমেনের সংঘাতের কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।


