যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে শিশুসহ ৯ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুকধারীর হামলায় শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে বাড়ির বাইরে গুলি চালানোর পর ভেতরে ঢুকে হামলা চালান ওই ব্যক্তি। পরে ঘটনাস্থলে সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া যায়।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেল ৫টার দিকে গুলির শব্দ শুনে পুলিশ ওই বাড়িতে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তিকে বাড়ির বাইরে গুলি চালাতে দেখেছেন তাঁরা। পরে তিনি বাড়ির ভেতরে প্রবেশ করেন।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রাস্তায় গুলিবিদ্ধ দুই নারীর মরদেহ দেখতে পায়। এরপর বাড়িটি ঘিরে অবস্থান নেয় পুলিশ ও বিশেষ কৌশলগত দল। এ সময় বাড়ির ভেতর থেকে আরও গুলির শব্দ শোনা যায়। পরে পুলিশ সেখানে প্রবেশ করে আরও সাতজনের মরদেহ উদ্ধার করে। তাঁদের মধ্যে শিশুও রয়েছে।
এ ছাড়া সন্দেহভাজন হামলাকারীকে বাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্তকারীদের ধারণা, নিজের ছোড়া গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এরি শহরের পুলিশপ্রধান রিক লোরাহ। তিনি বলেন, তাঁর দেখা সবচেয়ে মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনাগুলোর একটি এটি। নিহতদের পরিবার ও এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রাণহানির নির্মমতা প্রকাশের মতো কোনো শব্দ নেই।
পুলিশপ্রধান আরও জানান, সন্দেহভাজন ব্যক্তি মারা গেছেন এবং তাঁদের কাছে থাকা তথ্য অনুযায়ী, জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই।
শনিবার (১০ অক্টোবর) কর্তৃপক্ষ জানায়, হত্যাকাণ্ডের পরিস্থিতি ও হামলার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। এরি শহর কর্তৃপক্ষও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সন্দেহভাজন হামলাকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে বলা হয়, এ ঘটনায় নগরবাসীর মধ্যে গভীর শোক ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। তবে হামলার আগে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।


