আন্দোলনে উত্তাল দিল্লি, মোদি গেছেন চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ককরোচ জনতা পার্টির আন্দোলন মোকাবিলায় রাজধানীতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর মধ্যেই রোববার (১১ অক্টোবর) চেন্নাই সফরে গিয়ে মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে সঙ্গে নিয়ে চেন্নাই মেট্রোর দ্বিতীয় লাইন উদ্বোধন করেন মোদি। প্রায় ৪ হাজার ৯০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এ লাইনের উদ্বোধনের পর তিনি পোরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লা বাইপাস স্টেশন পর্যন্ত মেট্রোতে ভ্রমণ করেন। পরে একই পথে ফিরে আসেন তিনি।
এ ছাড়া চেন্নাইয়ে ৩ হাজার ৭০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত একটি সড়ক প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর।
দিল্লির বিক্ষোভে আটক হাজারো মানুষ
এদিকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন ঘিরে দিল্লিতে ধরপাকড় অব্যাহত রয়েছে। ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দ্বীপকেসহ হাজার হাজার বিক্ষোভকারীকে শনিবার আটক করে পুলিশ। পরে সন্ধ্যা থেকে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া শুরু হয়। ওই দিন প্রায় তিন হাজার বিক্ষোভকারীকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আদালতের নির্দেশে রোববার সকালে অভিজিৎ দ্বীপকেসহ দলটির শীর্ষ তিন নেতাকে মুক্তি দেওয়া হয়। তবে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করায় অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। তাদের দাবি, প্রধান নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসারণ করতে হবে।
মুক্তি পাওয়ার পর অভিজিৎ দ্বীপকে মোদি সরকারের কাছে প্রশ্ন তোলেন, একজন নির্বাচন কমিশনারকে রক্ষা করতে কেন পুরো দিল্লিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তিনি জানান, রোববারই আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ছাড়া গতকাল তাঁর দাদি মারা যাওয়ায় নিজ বাড়িতে যাওয়ার কথা জানিয়েছেন অভিজিৎ।


