রাষ্ট্রীয় খরচে দেশে ফিরবে সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ, আইসিইউতে ৪
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই ঘটনায় আহত আরও চার বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (১১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আহত বাংলাদেশিদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে থাকার অনুরোধ জানান তিনি।
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিমান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
এদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অবিলম্বে সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
বিবৃতিতে হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সরকার নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।


