সৌদির পাশে থাকবে বাংলাদেশ, ভারতের পরিস্থিতি নিয়ে মূল্যায়ন নেই ঢাকার
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবে একাধিক হামলার ঘটনায় দেশটির পাশে থাকার দৃঢ় সমর্থন ও সংহতি জানিয়েছে বাংলাদেশ। পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বাংলাদেশের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথচলার কৌশল’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে হামলার কারণে জ্বালানি সরবরাহ ও বাজারে নেতিবাচক প্রভাব তৈরি হলে তার প্রভাব শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না; বরং বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে।
তিনি আরও বলেন, সৌদি আরবের চলমান অস্থিরতা দেশটির শ্রমবাজারেও প্রভাব ফেলতে পারে। এতে বাংলাদেশি প্রবাসী কর্মীদের কর্মসংস্থান এবং ভবিষ্যতে শ্রম অভিবাসনের সুযোগ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।
বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ ও বহুমুখী করার লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বহুপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে নতুন শ্রমবাজার অনুসন্ধানের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে, ভারতে চলমান আন্দোলন পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং ভারতই পরিস্থিতি মোকাবিলা করবে।


