মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

জাতীয়
মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর
১২ অক্টোবর ২০২৬

রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (১২ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্রের বিষয়ে আপিল করা যাবে ২৮ অক্টোবর এবং পরদিন ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর। পরদিন ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আগামী ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ ভোট অনুষ্ঠিত হবে।

সম্প্রতি মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ ঘটনার পর গত ১ অক্টোবর তাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি।

তার পদত্যাগের পর সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। শূন্য পদে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে অবহিত করা হলে কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।