ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল ঘোষণা

জাতীয়
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল ঘোষণা
১২ অক্টোবর ২০২৬

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার ঘটনার পর ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। গত শনিবার থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এসব পথে বিভিন্ন এয়ারলাইনসের মোট ৫১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে পাঁচ হাজার ৪১৮ জন যাত্রী বাংলাদেশে আটকা পড়েছেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ফ্লাইট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব এ তথ্য জানান।

তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ১২টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের তিনটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের তিনটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি এবং ফ্লাইদুবাইয়ের পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে গত শনিবার সৌদি আরবের রিয়াদে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের ওপর একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হন এবং আহত হন ৩০৮ জন।

নিহতদের মধ্যে সৌদি আরবের চারজন এবং ভারত, যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনার পরদিন রোববার আবারও বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে এক পাকিস্তানি প্রবাসী নিহত হন এবং আহত হন ১১ জন।

সৌদি আরবে ধারাবাহিক হামলার ঘটনায় ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে দেশটিতে যাতায়াতকারী যাত্রীদের ওপরও।