আকাশেই ভেঙে পড়ল বিমান, শিশুসহ নিহত সব আরোহী
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ ছয় আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজ্যের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল দূরে ডেলোনা শহরে এ দুর্ঘটনা ঘটে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ডেলোনা শহরের আকাশসীমা অতিক্রমের সময় ‘পাইপার পিএ-৪৬’ মডেলের একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। সুক কাউন্টি শেরিফ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও এক শিশু রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কিছুক্ষণ আগে বিমানের বৈমানিক কাছের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই কথোপকথন পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় ভূমিতে থাকা কোনো স্থাপনা বা সাধারণ নাগরিক ক্ষতিগ্রস্ত হননি। বিমান বিধ্বস্তের সঠিক কারণ জানতে এফএএ ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করেছে।


