‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
ভারতের রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে অনলাইন আন্দোলন প্ল্যাটফরম ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে আটক নেতা অভিজিৎ দীপকে প্রতিরোধমূলক গ্রেপ্তার দেখিয়েছে দিল্লি পুলিশ। তবে একই কর্মসূচিতে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রেসিডেন্ট নেহা বোরাকে শনিবার ভোরে মুক্তি দেওয়া হয়েছে।
দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারার অধীনে অভিজিৎ দীপকে গ্রেপ্তার করা হয়। শনিবার দিনের পরবর্তী সময়ে তাঁকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসইএম) আদালতে হাজির করার কথা রয়েছে।
অন্যদিকে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আটক নেহা বোরাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ছেড়ে দেওয়া হয়েছে।
সিজেপির আইনি বিভাগের প্রধান রত্না সিং অভিযোগ করেছেন, অভিজিৎ দীপকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে এবং তাঁর আইনজীবীরা এখনো তাঁর সঙ্গে দেখা করতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রত্না সিং লেখেন, অভিজিৎকে গ্রেপ্তার করে এসইএম আদালতে হাজির করার কথা জানানো হলেও তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। আইনজীবীরাও তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি বলে অভিযোগ করেন তিনি।
‘ভয় ছড়াতে অবৈধভাবে আটক করা হচ্ছে’
মুক্তি পাওয়ার পর নেহা বোরা অভিযোগ করেন, বৈধ কারণ ছাড়াই বিক্ষোভকারীদের আটক করে ঘণ্টার পর ঘণ্টা হেফাজতে রাখা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
নেহা বলেন, ভারতে দীর্ঘদিন ধরে মানুষকে বৈধ কারণ ছাড়াই আটক রেখে ঘণ্টার পর ঘণ্টা হেফাজতে বসিয়ে রাখার ঘটনা ঘটছে। চলমান আন্দোলনের প্রেক্ষাপটে প্রতিদিন বিক্ষোভকারীদের আটক এবং পরদিন সকাল বা সন্ধ্যায় ছেড়ে দেওয়ার ঘটনাগুলো এ প্রবণতাকে আরও স্পষ্ট করেছে বলে দাবি করেন তিনি।
নিজের আটকের অভিজ্ঞতা তুলে ধরে নেহা বলেন, এ ধরনের আটকের উদ্দেশ্য এবং সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরিতে এর ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে।
অভিজিৎ দীপসহ আটক অন্য বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি দেওয়ারও দাবি জানান তিনি। নেহার ভাষ্য, তাঁরা সাধারণ নাগরিক, যাঁরা জবাবদিহি ও ভোটাধিকারের দাবিতে আন্দোলন করছেন। কাউকে বেআইনিভাবে আটক করা কিংবা সারা রাত থানায় আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
আটক নিয়ে উদ্বেগ দুই সংগঠনের
শুক্রবার ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে অভিজিৎ দীপ ও নেহা বোরাকে আটক করা হয় বলে সিজেপি ও আইসার পক্ষ থেকে জানানো হয়েছে।
দুই সংগঠনই অভিযোগ করে, আটকের পর তাঁদের আইনজীবী বা পরিচিতদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। সিজেপির দাবি, অভিজিৎ দীপকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগও দেওয়া হয়নি।
অন্যদিকে, আইসার অভিযোগ ছিল, নেহা বোরাকে মঙ্গলপুরীর অ্যান্টি-নারকোটিকস টাস্ক ফোর্সের কার্যালয়ে একা আটকে রাখা হয়েছিল।
শনিবার নেহা মুক্তি পেলেও অভিজিৎ দীপের অবস্থান ও তাঁর বিরুদ্ধে নেওয়া পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে সিজেপির উদ্বেগ অব্যাহত রয়েছে। তবে আটকের বৈধতা ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ না দেওয়ার অভিযোগ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।


