রিয়াদগামী ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা, বুধবার চালুর সম্ভাবনা দাম্মাম রুটে
সৌদি আরবের বিমানবন্দর লক্ষ্য করে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে কর্তৃপক্ষের অনুমতি পাওয়া সাপেক্ষে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে বিমান। পাশাপাশি যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। রিয়াদ রুটে ফ্লাইট চালুর বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।


