দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয়
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে রাজধানীর বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি নিয়ে রংপুর বিভাগের সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে সকাল ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

কর্মসূচি অনুযায়ী, রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এ সময় পূজারী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচিতে রংপুরের পাশাপাশি রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং জনসভায় অংশ নেওয়ার বিষয়টিও রয়েছে।

প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচি

সকাল ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশে যাত্রা এবং সেখানে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। বেলা ১টা ১৫ মিনিটে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পর দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন।

বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর।

বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের জেএম সেন হল ও রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতির পর রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

কর্মসূচি অনুযায়ী, রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে তাঁর অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরে মহানবমীর পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং রাজশাহীতে জনসভায় অংশ নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।