বাংলাদেশ-আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতার সমঝোতা স্মারক সই
ছবি: সংগৃহীত
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং আমদানির উৎস বহুমুখীকরণের লক্ষ্যে আলজেরিয়ার সঙ্গে হাইড্রোকার্বন খাতে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। এর ফলে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় দেশটি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দুই দেশের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার পক্ষে দেশটির হাইড্রোকার্বন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আরকাব এতে সই করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি দুই দেশের মন্ত্রী জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বৈঠকে জিটুজি ব্যবস্থায় আলজেরিয়া থেকে বাংলাদেশে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সম্ভাবনা বিশেষ গুরুত্ব পায়।
এ ছাড়া বাংলাদেশে এলএনজি ও এলপিজি অবকাঠামো উন্নয়ন এবং তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশের প্রকৌশলী ও কারিগরি কর্মীদের আলজেরিয়ার জ্বালানি খাতের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা সম্পর্কে ধারণা দিতে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের অনুরোধ জানান জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করে জ্বালানিমন্ত্রী বলেন, এ উদ্যোগ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। পাশাপাশি আফ্রিকার বিকল্প উৎস থেকে জিটুজি ব্যবস্থায় এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সুযোগ তৈরি হবে।
সফরকালে মঙ্গলবার আলজেরিয়ার খনি ও খনিজ শিল্পমন্ত্রী মুরাদ হানাফি এবং জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী মুরাদ আদজালের সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশের জ্বালানিমন্ত্রী। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সার এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় করেন তাঁরা।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) আলজেরিয়ার হাইড্রোকার্বন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আরকাব আলজিয়ার্সের হুয়ারি বুমেদিয়েন আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি প্রেসিডেন্সিয়াল লাউঞ্জে বাংলাদেশের জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে স্বাগত জানান।
সমঝোতা স্মারকটি বাস্তবায়িত হলে বাংলাদেশের জ্বালানি আমদানির উৎস সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ে দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে।


