২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭

স্বাস্থ্য
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭
১ নভেম্বর ২০২৬

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৪ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪১৭ জন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৪ জন, বরিশালে ১২৯ জন, সিলেটে ১২৬ জন, ময়মনসিংহে ৮৯ জন, খুলনায় ৮৯ জন, রংপুরে ৫১ জন এবং রাজশাহীতে ৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৪ হাজার ৭৮৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৬ হাজার ১৮৩ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে। তাঁদের মধ্যে ২৩ হাজার ৯৩৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।