সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ
রাঙামাটির সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। রোববার (১ নভেম্বর) বিকেলে প্রায় এক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে দুর্গম এলাকার কারণে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সাজেকের ঝুরঝুরি ছড়ার লাঙ্গলমারা এলাকায় এ গোলাগুলি হয়। এর আগের দিন শনিবারও সাজেকের মাচলং এলাকার দুর্গম কলাবুনিয়া ও ভাঙামুড়া এলাকায় দুই পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টা গোলাগুলির ঘটনা ঘটে। পরপর এসব ঘটনার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের মধ্যে এসব গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে দুই সংগঠনই ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।
ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, তাদের কেউ এ ধরনের গোলাগুলিতে জড়িত থাকার প্রশ্নই আসে না। একইভাবে অভিযোগ অস্বীকার করে জেএসএসের কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, তাদের দলের কেউ এ ঘটনায় জড়িত নন।
সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পরিচয় চাকমা জানান, ঝুরঝুরি ছড়া ও পাশের লাঙ্গলমারা সীমানা এলাকায় দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, লাঙ্গলমারা এলাকায় দুই গ্রুপের মধ্যে প্রায় এক ঘণ্টা গোলাগুলি হয়েছে। তবে বর্তমানে গোলাগুলি বন্ধ রয়েছে।
অবরোধে পর্যটন সড়কে যান চলাচল সীমিত
এদিকে পাঁচ দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ১১তম দিন ছিল রোববার। এদিন সকাল-সন্ধ্যা কর্মসূচি শিথিল করার ঘোষণা দিয়েছিল সংগঠন দুটি।
তবে একই দিনে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ব্যানারে খাগড়াছড়ির আরেকটি সংগঠন পাল্টা অবরোধের ডাক দেয়। ফলে আগের অবরোধ শিথিলের ঘোষণা সত্ত্বেও সাজেক পর্যটন সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। কয়েকটি মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করলেও অন্যান্য যানবাহনের চলাচল প্রায় বন্ধ ছিল।
ওসি তোফাজ্জল হোসেনও জানান, অবরোধের কারণে সাজেক সড়কে কিছু হালকা যানবাহন চলাচল করলেও ভারী যানবাহন চলাচল করেনি।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশনের নেতা বাবুধন চাকমা ও নতুনজয় চাকমা জানিয়েছেন, সোমবার থেকে সাজেক পর্যটন সড়কে আগের মতো অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলবে।


