সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী
গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে শ্রমিকদের দাবির আড়ালে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিভিন্ন পোশাক কারখানায় গিয়ে যন্ত্রপাতি ভাঙচুর, শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা এবং গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটানো হচ্ছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত গার্মেন্টস শিল্পকে সরকার কোনো অবস্থাতেই ধ্বংস হতে দেবে না। এ শিল্পে লাখ লাখ ভাইবোন ও মা কাজ করছেন। তাঁদের কর্মসংস্থানের অন্যতম ক্ষেত্র এই শিল্প। তাই কোনো শ্রমজীবী মানুষ বা শ্রমিক কখনো নিজেদের কর্মস্থলের ক্ষতি করতে পারেন না। কারখানার যন্ত্রপাতি ভাঙচুর কিংবা শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা শ্রমিকদের কাজ হতে পারে না।
শ্রমিকদের মজুরি নিয়ে বিভিন্ন দাবির বিষয়ে তারেক রহমান বলেন, সরকার শ্রমিকদের দাবিগুলো সম্পর্কে অবগত। এসব দাবি বিবেচনা ও পর্যালোচনার জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ড কাজ শুরু করেছে। ইনশাআল্লাহ, আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে, যাতে শ্রমিকেরা ভালো থাকতে পারেন।
তিনি আরও বলেন, একটি মহল গত ১৫-১৬ বছরেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। গণঅভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা এখন সীমান্তের ওপার থেকে কলকাঠি নাড়ছে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির নেতা জাকির হোসেনের সভাপতিত্বে পথসভায় রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপি নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


