সাড়ে পাঁচ লাখ পরীক্ষার্থীর অংশগ্রহণে ৩১ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে, শুক্রবার। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে দেশের ১৩৭টি জেলা শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। অংশ নিচ্ছেন প্রায় সাড়ে পাঁচ লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী।
শনিবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তি প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার (২৫ মে) দুপুর ১২টায় একটি অনলাইন বৈঠকের আয়োজন করেছে, যা অনুষ্ঠিত হবে জুম প্ল্যাটফর্মে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুম মিটিংয়ে সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের অধ্যক্ষ ও কেন্দ্র সচিবদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে মিটিংয়ের লিংক, আইডি ও পাসওয়ার্ড সংশ্লিষ্টদের ই-মেইলে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, কেন্দ্রসমূহের সহযোগিতায় একটি সুষ্ঠু, নিরাপদ ও স্বচ্ছ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।


