রেমিট্যান্সে ফিরছে আস্থা, মে মাসে নতুন রেকর্ডের সম্ভাবনা

রেমিট্যান্সে ফিরছে আস্থা, মে মাসে নতুন রেকর্ডের সম্ভাবনা
নিউজ ডেস্ক
২৫ মে ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রবাসী আয়ে ফিরছে ইতিবাচক ধারা। হুন্ডির চক্র ভেঙে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ায় দেশে আসছে রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে ইতিহাসের সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। এবার মে মাসেও নতুন রেকর্ড গড়ার আভাস মিলছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মে মাসের প্রথম ২৪ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ২২৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার ডলার, যা প্রায় ২ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ২৭ হাজার ৪০১ কোটি টাকা।

পরিসংখ্যানে দেখা যায়, মে মাসে গড়ে প্রতিদিন দেশে আসছে প্রায় ৯ কোটি ৩৫ লাখ ডলার বা ১,১৪২ কোটি টাকা। এই ধারা অব্যাহত থাকলে পুরো মাসে রেমিট্যান্সের পরিমাণ ছাড়িয়ে যেতে পারে ৩ বিলিয়ন ডলারের রেকর্ড।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে আশাব্যঞ্জক এ চিত্রের বিপরীতে কিছু ব্যাংকের পারফরম্যান্স হতাশাজনক। চলতি মাসে এখনো পর্যন্ত আটটি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে বিশেষায়িত ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক রয়েছে। পাশাপাশি বিদেশি ব্যাংকের তালিকায় রয়েছে—হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ওপর গুরুত্বারোপ ও ব্যাংকিং চ্যানেলে লেনদেন সহজ করায় প্রবাসীদের আস্থা ফিরেছে। এ ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেমন বাড়বে, তেমনি দেশের অর্থনীতিও আরও স্থিতিশীল হবে।