বাংলাদেশে মালদ্বীপের বিনিয়োগে আগ্রহ, বাণিজ্য জোরদারে বৈঠক
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে এক বৈঠকে মিলিত হয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ।
রোববার (২৫ মে) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন এবং বিনিয়োগ সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন,
“বাংলাদেশ এখন উচ্চমানের নির্মাণ সামগ্রী যেমন প্লাইউড, পাইপ, টাইলস ও গ্লাস উৎপাদনে সক্ষম। মালদ্বীপ এসব পণ্য তাদের অবকাঠামো খাতে ব্যবহার করতে পারে।”
তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়লে উভয় দেশের অর্থনীতি উপকৃত হবে। পাশাপাশি মালদ্বীপ চাইলে বাংলাদেশের দক্ষ মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণে অংশ নিতে পারে বলেও মত দেন উপদেষ্টা।
বৈঠকে শেখ বশিরউদ্দীন মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক পাঠানোর খরচ হ্রাসের বিষয়টিও তুলে ধরেন। তার মতে, এটি বাংলাদেশি শ্রমিকদের জন্য উপকার বয়ে আনবে এবং বৈধভাবে জনশক্তি রপ্তানিকে উৎসাহিত করবে।
জবাবে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ বলেন,
“বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চমৎকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এই সম্পর্ককে আরও এগিয়ে নেবে।”
তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সম্ভাবনাময় খাতে মালদ্বীপের বেসরকারি খাত বিনিয়োগে আগ্রহী।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং মালদ্বীপ হাইকমিশনের দ্বিতীয় সচিব আহমেদ মাইশান।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দুই দেশ বাংলাদেশ ও মালদ্বীপ সম্প্রতি বাণিজ্য ও কর্মসংস্থানের বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারে উদ্যোগ নিচ্ছে, যা আগামী দিনে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে।


