বাড্ডায় বিএনপি নেতা সাধন খুন: মামলা দায়ের, দুই শ্যুটার শনাক্ত
রাজধানীর মধ্য বাড্ডায় বিএনপির স্থানীয় নেতা কামরুল আহসান সাধনের হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী দিলরুবা আক্তার। সোমবার ভোরে বাড্ডা থানায় দায়ের করা মামলাটি (নং ৩৩) এখনো অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে করা হয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “সাধন হত্যার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। ঘটনাস্থল থেকে একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে।”
ফুটেজে দেখা যায়, গুদারাঘাট এলাকার চার নম্বর রোডে দুই ব্যক্তি বিএনপি নেতা সাধনকে এলোপাতাড়ি গুলি করে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে। সিসিটিভির সূত্র ধরে পুলিশ ও র্যাবের যৌথ টিম ইতোমধ্যে দুই শ্যুটারকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে। এখন তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, নিহত সাধনের বাসা গুদারাঘাট এলাকায়। পাশাপাশি তিনি স্থানীয়ভাবে ইন্টারনেট ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।
ঘটনার পেছনে রাজনৈতিক কোনো বিরোধ, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট একটি বিশেষ ইউনিট। তদন্তে অগ্রগতি অনুযায়ী পরবর্তী সময়ে মামলায় সংশোধন ও আসামির নাম অন্তর্ভুক্ত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহত সাধন স্থানীয়ভাবে একজন পরিচিত রাজনৈতিক কর্মী ছিলেন এবং বেশ সক্রিয় ভূমিকা রাখতেন বলে জানিয়েছেন তার প্রতিবেশীরা।


