সাবেক আপিল বিচারপতি শামসুল হুদা মানিক আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দেশজুড়ে
সাবেক আপিল বিচারপতি শামসুল হুদা মানিক আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিউজ ডেস্ক
২৬ মে ২০২৫

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুল হুদা মানিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৫ মে) রাত সাড়ে ১১টায় ঢাকার ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

সোমবার (২৬ মে) গোপালগঞ্জ জেলা শহরে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জোহরের পর কোর্ট মসজিদ প্রাঙ্গণে। এরপর বাদ আসর টুঙ্গিপাড়ার রাবেয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়, যাতে বিপুলসংখ্যক জনসাধারণ অংশ নেন।

জানাজা শেষে মরদেহ নেওয়া হয় তার পৈতৃক বাড়ি টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শামসুল হুদা মানিক ছিলেন একজন বর্ণাঢ্য জীবনের অধিকারী ব্যক্তি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি একজন সংগঠক হিসেবে কাজ করেন। এরপর ’৮০-এর দশকে তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একইসঙ্গে তিনি গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে, তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। পরে আপিল বিভাগের বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। অবসরের পর দীর্ঘদিন তিনি শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে কাজ করেন।

মৃত্যুকালে তিনি দুই কন্যা, এক পুত্র এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিচার বিভাগ, রাজনৈতিক মহল এবং টুঙ্গিপাড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

বিচারপতির সহকর্মী ও বিভিন্ন মহল থেকে তাঁর পেশাদারিত্ব, সততা ও জাতীয় সংগ্রামে ভূমিকার জন্য শ্রদ্ধা জানানো হচ্ছে।