মিরপুরে প্রকাশ্যে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই, আহত ব্যবসায়ী হাসপাতালে

অপরাধ
মিরপুরে প্রকাশ্যে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই, আহত ব্যবসায়ী হাসপাতালে
নিউজ ডেস্ক
২৭ মে ২০২৫

রাজধানীর মিরপুরে সকালে প্রকাশ্যে এক ব্যবসায়ীর কাছ থেকে গুলি করে ছিনিয়ে নেওয়া হয়েছে ২২ লাখ টাকা। ভয়াবহ এ ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর-১০ এর আব্দুল বাতেন সড়কে। গুলিবিদ্ধ অবস্থায় আহত ব্যবসায়ীকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মাহমুদুল ইসলাম জামালপুরের মাদারগঞ্জের বাসিন্দা। বর্তমানে তিনি পরিবার নিয়ে মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে বসবাস করছেন।
তিনি জানান,
“সকাল ১০টার দিকে বাসা থেকে মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলাম। পথে ফায়ার সার্ভিস ও স্টেডিয়ামের মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেলে ছয়জন যুবক আমার পথরোধ করে। তারা টাকার ব্যাগ চায়, আমি দিতে না চাইলে একজন কোমরের বাম পাশে গুলি করে। এরপর টাকাভর্তি ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।”

ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে এবং আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান—
“ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইকারীদের শনাক্ত করতে আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা আগে থেকেই ব্যবসায়ী মাহমুদুলকে অনুসরণ করছিল।

দিনদুপুরে জনবহুল এলাকায় এমন ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।