বিপুল অর্থপাচারের ছায়া
১৮ থেকে ২০ বিলিয়ন ডলার দেশের বাইরে গিয়েছে, দাবি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের
দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতার মাঝে বিপুল পরিমাণ অর্থপাচারের তথ্য সামনে এসেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্প্রতি জানিয়েছেন, অনুমান করা হচ্ছে প্রায় ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার হয়েছে। যদিও এই পরিমাণ নির্দিষ্ট করার জন্য যথাযথ ডকুমেন্টেশন এখনও চলছে এবং এটি সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া।
তিনি বলেন, “আমরা এই অর্থ ফেরত আনার জন্য ইতোমধ্যেই বিভিন্ন অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম শুরু করেছি। বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে এবং প্রয়োজন হলে তদন্তকারী দলের সংখ্যা বৃদ্ধি করা হবে।”
মঙ্গলবার বিএফআইইউর বার্ষিক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে গভর্নর এই তথ্য জানান। অনুষ্ঠানে বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুল ইসলামসহ ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থপাচারের বিরুদ্ধে এই পদক্ষেপগুলো দেশের আর্থিক স্বচ্ছতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


