সাম্য হত্যা মামলায় আরও ৮ জন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ১১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় নতুন করে আরও আটজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকালে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায় পুলিশ। বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আটকের মধ্য দিয়ে ঘটনার পেছনের রহস্য অনেকটাই উদ্ঘাটন হয়েছে।
এর আগে ১৩ মে রাতে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তামিম হাওলাদার, পলাশ সরদার ও সম্রাট মল্লিককে গ্রেপ্তার করে। নতুন আটজনকে ধরার মাধ্যমে গ্রেপ্তার হওয়া আসামির সংখ্যা দাঁড়াল ১১-তে।
ডিবি সূত্র জানিয়েছে, রোববার গ্রেপ্তার হওয়া পাঁচ আসামির মধ্যে তিনজন—সোহাগ, হৃদয় ইসলাম ও রবিন—রিমান্ডে রয়েছেন। সুজন সরকার নামে একজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। অন্যদিকে রিপন নামে আরেক অভিযুক্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্য। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক দ্বন্দ্ব, পূর্ব বিরোধ ও ব্যক্তি আক্রোশের জটিল মিশ্রণ রয়েছে। তদন্ত অব্যাহত আছে এবং আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।


