ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেনের পদত্যাগ, দায়িত্বে তারেক রেফাত উল্লাহ খান

ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেনের পদত্যাগ, দায়িত্বে তারেক রেফাত উল্লাহ খান
নিউজ ডেস্ক
২৮ মে ২০২৫

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম আর এফ হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৭ মে) পরিচালনা পর্ষদ তার পদত্যাগপত্র গ্রহণ করে এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য পাঠিয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খানকে এমডি (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সেলিম হোসেন ২০১৫ সালের নভেম্বরে ব্র্যাক ব্যাংকে এমডি হিসেবে যোগ দেন। ২০২৫ সালের মার্চ পর্যন্ত তার মেয়াদ ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার নয় মাস আগেই পদত্যাগ করেন তিনি। ব্যাংকের কর্মীদের উদ্দেশে পাঠানো এক ইমেইলে তিনি বলেন, “সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি সরে দাঁড়াচ্ছি। এখন কিছু নতুন ও ভালো কিছু করার চেষ্টা করবো।” বুধবারই ছিল তার ব্যাংকে শেষ কর্মদিবস।

তারেক রেফাত উল্লাহ খান এর আগে কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে অভিজ্ঞ এই কর্মকর্তা এর আগে একাধিক আর্থিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সেলিম হোসেন বর্তমানে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যানের দায়িত্বও পালন করছিলেন। তার পদত্যাগের ফলে এবিবির নেতৃত্বেও পরিবর্তন আসতে পারে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে বিআইবিএমের এক অনুষ্ঠানে সেলিম হোসেন ব্যাংক খাতে ‘তদবিরের সংস্কৃতি’ নিয়ে প্রকাশ্য সমালোচনা করেন। তার ওই বক্তব্য কেন্দ্রীয় ব্যাংকে প্রতিক্রিয়ার জন্ম দেয় এবং পরে তিনি ক্ষমা চান ও বক্তব্য প্রত্যাহার করেন। যদিও ব্যাংকটির পক্ষ থেকে সেসময় জানানো হয়, সেই বক্তব্য ব্যাংকের অবস্থান নয়।

এই পদত্যাগের সঙ্গে সেই ঘটনার সম্পর্ক আছে কি না—তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।