রাজধানীর বেইলি হাইটস থেকে কোটি টাকার কষ্টিপাথর ও মদসহ চোরাকারবারী আটক

অপরাধ
রাজধানীর বেইলি হাইটস থেকে কোটি টাকার কষ্টিপাথর ও মদসহ চোরাকারবারী আটক
নিউজ ডেস্ক
২৮ মে ২০২৫

রাজধানীর বেইলি রোডের ‘বেইলি হাইটস’ ভবনের একটি ফ্ল্যাট থেকে ৩৪ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি ও ৪০ লাখ টাকার বিদেশি মদসহ চার চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব–১০। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে মোহাম্মদ জাকির হোসেন, আহমদ মোস্তফা, আনারুল হক ও হাবিবুর রহমান নামে ওই চারজনকে আটক করা হয়।

র‌্যাব–১০ এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ কষ্টিপাথর ও বিদেশি মদ সংগ্রহ করে পাচারকারী সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসায় লিপ্ত ছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিগুলোর মধ্যে রয়েছে বিষ্ণুদেবের দুটি মূর্তি এবং একটি গরুর মূর্তি, যাদের ওজন যথাক্রমে ৮৮.৯৫০, ১৯.৬৫০ ও ৯২.৬৯০ কেজি। স্থানীয় স্বর্ণকারের প্রাথমিক পরীক্ষা মতে, এসব মূর্তি মূল্যবান এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বহন করে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, এসব মূর্তি প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এবং সেগুলো সংরক্ষণ করাটা একটি নৈতিক দায়িত্ব। এই ধরনের নৈরাজ্য রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।