ঢাকায় ২৫০ সদস্যের চীনা ব্যবসায়ী দল নিয়ে বাণিজ্যমন্ত্রীর আগমন
চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও বৃহস্পতিবার তিনদিনের সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন প্রায় ২৫০ জন চীনা ব্যবসায়ী ও বিনিয়োগ প্রতিনিধি, যারা বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখবেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন চীনা মন্ত্রীকে স্বাগত জানান। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। সফরের প্রথম দিন বিকেলে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার রাজধানীর বিনিয়োগ ভবনে ‘বাংলাদেশ-চীন বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলন’ আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সম্মেলনে ছয় থেকে সাতটি ফরচুন ৫০০ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় ১০০টি উদ্যোগের প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনের মূল আকর্ষণ হিসেবে পাঁচটি ম্যাচমেকিং সেশনে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াকরণ, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন খাতে যৌথ উদ্যোগের পথ প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে।
উল্লেখ্য, চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন ধাপ হিসেবে এই সফর এবং সম্মেলন বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


