ঈদযাত্রা নিরাপদ করতে রাজধানীর বাস, রেল ও লঞ্চ টার্মিনালে সেনাবাহিনীর টহল
ঈদুল ফিতরের ছুটিতে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর সকল বাস, রেল ও লঞ্চ টার্মিনালে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় টহল দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। গাবতলী বাস টার্মিনালে বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট নীলিমা।
লেফটেন্যান্ট নীলিমা জানান, “ঢাকা শহরের প্রতিটি টার্মিনালে আমাদের টিম মোতায়েন রয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা কাজ করছি।” তিনি আরও বলেন, “সকালে কয়েকজন যাত্রী বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন। আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।”
এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন। এছাড়া, পরিবহন মালিক সমিতির পক্ষ থেকেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে একটি টিম।
নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কন্ট্রোল রুম, র্যাবের টহল, বিআরটিএ-এর বিজনেস টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। যাত্রীদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতা অবলম্বন ও নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে।


