৪৫তম বিসিএস: লিখিত পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা

শিক্ষা
৪৫তম বিসিএস: লিখিত পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা
নিউজ ডেস্ক
১৫ জুন ২০২৫

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আগামী ১৯ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। এই ফলাফল প্রকাশের মাধ্যমে প্রায় ১৩ হাজার চাকরিপ্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। পিএসসি সূত্রে জানা গেছে, ফলাফল পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত মৌখিক পরীক্ষা (ভাইভা) আয়োজন করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নিয়োগের চূড়ান্ত সুপারিশ করতে চায় পিএসসি। ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যাতে ১২,৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষা শুরু হয় ২০২৪ সালের ২৩ জানুয়ারি এবং শেষ হয় ৩১ জানুয়ারি।

যদিও প্রিলিমিনারি পরীক্ষার ফল দ্রুত প্রকাশিত হয়েছিল, তবে লিখিত পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় প্রার্থীরা হতাশ হয়েছেন। যদি চলতি বছরের ডিসেম্বরে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, তবে পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় সাড়ে তিন বছর সময় লাগবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পিএসসি জানিয়েছে, ৪৫তম বিসিএসে মোট ২,৩০৯ জন ক্যাডার এবং ১,০২২ জন নন-ক্যাডার নিয়োগ দেওয়া হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষা ও চূড়ান্ত সুপারিশের প্রক্রিয়া শুরু হবে।