ফেনীতে রেকর্ড বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, মুহুরী-সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপরে

দেশজুড়ে
ফেনীতে রেকর্ড বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, মুহুরী-সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপরে
নিউজ ডেস্ক
৮ জুলাই ২০২৫

টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা ঢলে ফেনীতে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চ। ফলে শহরের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

ফেনী আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার রাত থেকে টানা বৃষ্টিপাত শুরু হয় এবং মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ৩টা পর্যন্ত তা অব্যাহত ছিল। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দুই থেকে তিন দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শহরের ডাক্তারপাড়া, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, একাডেমি এলাকা, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি, পাঠান বাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় এবং পেট্রোবাংলা এলাকাসহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। নিচু সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ব্যবসায়ীরা জানান, হঠাৎ পানি ঢুকে দোকানের মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, মঙ্গলবার বিকেল ৪টার দিকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল। নদীর পানি দ্রুত বাড়ায় নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, অতিবৃষ্টি ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা বেড়েছে। তবে বৃষ্টি থামলে পানি দ্রুত নেমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইতোমধ্যে পৌরসভার সাতটি টিম পানি নিষ্কাশনের কাজে নিয়োজিত রয়েছে।

জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর পানি বাড়তে থাকলে আশপাশের এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র ও জরুরি সেবা দল।