সচিবালয়ে হামলার ঘটনায় ছাত্রলীগের তিন ক্যাডার গ্রেপ্তার
রাজধানীর সচিবালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন সক্রিয় ক্যাডারকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দিনভর সায়েদাবাদ ও মিরপুর এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—অভিষেক সিকদার, আবু সুফিয়ান এবং আশিকুর রহমান। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম তাদের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র জানায়, সচিবালয়ের ভেতরে হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে। পরে পরিকল্পিত অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
প্রাপ্ত তথ্যমতে, গ্রেপ্তার অভিষেক সিকদার বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা। আবু সুফিয়ান কুমিল্লার লাকসাম উপজেলার আমির হোসেনের ছেলে এবং আশিকুর রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যপাড়ায়, তার পিতার নাম জয়নাল আবদিন।
সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এ ধরনের হামলাকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা সংস্থা।


