স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করলেন সানাই

দেশজুড়ে
স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করলেন সানাই
নিউজ ডেস্ক
৬ আগস্ট ২০২৫

আলোচিত মডেল ও সাবেক অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব যৌতুক দাবির অভিযোগে স্বামী আবু সালেহ মুসার বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার (৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলার আবেদন গ্রহণ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

সানাইয়ের আইনজীবী মিঠুন সাহা জানান, তার মক্কেলকে ২২ লাখ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে এ মামলা করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ২৭ মে সানাই ও মুসার বিয়ে হয়। বিয়ের সময় সানাইয়ের পরিবার থেকে আসবাবপত্রসহ ১৫ ভরি স্বর্ণালঙ্কার দেওয়া হয়, যা এখনো স্বামীর হেফাজতে রয়েছে।

প্রথমে চাকরিতে থাকলেও, পরে মুসা ব্যবসা শুরু করার কথা জানিয়ে চাকরি ছেড়ে দেন। এরপর সানাই নিজে ১২ লাখ এবং বাবার কাছ থেকে ৭ লাখ—মোট ১৯ লাখ টাকা দেন। অভিযোগে বলা হয়, এই অর্থ গ্রহণের পর মুসা লাপাত্তা হয়ে যান এবং পরে নতুন করে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন।

সানাই দাবি করেন, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর তাকে বাসা থেকে বের করে দেন মুসা এবং হুমকি দেন, ২২ লাখ টাকা না দিলে সংসার করবেন না ও অন্যত্র বিয়ে করবেন।

তিনি আরও জানান, একাধিকবার সমঝোতার চেষ্টা করে স্বামীকে আইনি নোটিশ পাঠান, কিন্তু তাতেও কোনো ইতিবাচক সাড়া পাননি।

সানাইয়ের পাঠানো লিগ্যাল নোটিশের জবাবে মুসা গত ১৭ জুলাই যে নোটিশ পাঠান, তাতে অভিযোগগুলোকে “মিথ্যা, বানোয়াট ও মানহানিকর” বলে দাবি করেন।

মামলার প্রেক্ষিতে এখন আদালত আসামিকে হাজির হতে সমন জারি করেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।