কালীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে রাতের আঁধারে রেলসেতুর পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় মোজাম্মেল হোসেন (৩৫) নামে এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে কালীগঞ্জ পৌরসভার বাঙ্গাল হাওলা গ্রামের তুমলিয়া মিশন রেলসেতুর পাশে খাদে পড়ে থাকা অবস্থায় মোজাম্মেলকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কয়েকজন ব্যক্তি মোজাম্মেলকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। টর্চলাইটের আলো দেখে তারা তাকে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে মোজাম্মেলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধ বা পূর্বশত্রুতার ফল বলে ধারণা করা হচ্ছে। এখনো ভিকটিম পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
ঘটনার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় মোজাম্মেলের উদ্ধারের একটি ভিডিও, যেখানে তাকে বলতে শোনা যায়, তার ওপর সৎ মা দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছে। তিনি আরও দাবি করেন, হামলাকারীদের মধ্যে কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন।
তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ ও স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আহত মোজাম্মেলের শারীরিক অবস্থার উন্নতির পর তার কাছ থেকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।


