কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

দেশজুড়ে
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
নিউজ ডেস্ক
১৯ আগস্ট ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত ডলফিন। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সৈকতের ঝাউবন এলাকায় ডলফিনটি দেখতে পান স্থানীয় পরিবেশ কর্মী ও উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা। প্রায় ৬ ফুট লম্বা ইরাবতী (Orcaella brevirostris) প্রজাতির এই ডলফিনটির শরীরের বিভিন্ন অংশে ছিল ক্ষতচিহ্ন ও চামড়া উঠে যাওয়ার দাগ।

পরিবেশবাদীদের মতে, এটি চলতি বছরে কুয়াকাটার সৈকতে মৃত অবস্থায় পাওয়া ৬ষ্ঠ ডলফিন। ডলফিনের মৃত্যুর এই ধারাবাহিকতা সমুদ্রের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

উপরা’র আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, “ডলফিনের মৃত্যু কেবল একটি প্রাণ হারানোর ঘটনা নয়, বরং এটি সমুদ্রের বাস্তুসংস্থান বিপর্যস্ত হওয়ার ইঙ্গিত দেয়। এটি এক ধরনের প্রাকৃতিক সতর্ক সংকেত। আমরা চাই, সরকার ও সংশ্লিষ্ট গবেষণা সংস্থা নিয়মিত অনুসন্ধান চালাক এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করুক।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার উদ্দিন বলেন, “নৌযান, অবৈধ মাছ ধরার জাল, সামুদ্রিক দূষণ, এবং অপরিকল্পিত জেলে কার্যক্রম—এই চারটি প্রধান কারণেই ডলফিন বারবার মৃত্যু মুখে পতিত হচ্ছে। বিশেষ করে ইরাবতী ডলফিন নদী-মোহনা ঘেঁষা এলাকায় বেশি থাকে, যা বর্তমানে নানাবিধ হুমকির মুখে।”

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, “আমরা উপকূল জুড়ে সচেতনতা বাড়াতে কাজ করছি। এ বছরই সমুদ্রসৈকতে ছয়টি মৃত ডলফিন পাওয়া গেছে। এটি শুধু কুয়াকাটার জন্য নয়, সমগ্র দেশের সামুদ্রিক প্রতিবেশ ব্যবস্থার জন্য বড় সতর্কতা।”

ঘটনার পরপরই বন বিভাগের টিম ঘটনাস্থলে পৌঁছায়। মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, “আমরা মৃত ডলফিনটি মাটিচাপা দিয়ে নিরাপদে দাফন করছি, যাতে দুর্গন্ধ না ছড়ায়। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখার প্রয়োজন রয়েছে।”