তুরাগে স্থায়ী সেতুর দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

দেশজুড়ে
তুরাগে স্থায়ী সেতুর দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ
নিউজ ডেস্ক
২৫ আগস্ট ২০২৫

তুরাগ নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী বাজার ও আব্দুল্লাহপুর এলাকায় বিক্ষোভ শুরু হয়, যা একপর্যায়ে সড়ক অবরোধে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মিছিল করেন এবং সেতু নির্মাণের দাবিতে স্লোগান দেন। পরে তারা টঙ্গী বাজার সংলগ্ন সড়কে অবস্থান নেন, এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীদের দীর্ঘসময় সড়কে আটকে থাকতে হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, বিক্ষোভকারীরা প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে তাদের বোঝানোর মাধ্যমে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, “টঙ্গী বাজার ও উত্তরার মধ্যে সংযোগকারী বেইলি ব্রিজটি এখন ভয়ংকর ঝুঁকিপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হচ্ছে। অনেক যানবাহন চলাচল বন্ধ হওয়ায় ব্যবসায়িক কার্যক্রমেও ভাটার টান পড়েছে।”

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।