সিদ্ধিরগঞ্জে ভ্যানচালক হত্যায় একজনের যাবজ্জীবন, আরেকজনের ৫ বছরের কারাদণ্ড

দেশজুড়ে
সিদ্ধিরগঞ্জে ভ্যানচালক হত্যায় একজনের যাবজ্জীবন, আরেকজনের ৫ বছরের কারাদণ্ড
নিউজ ডেস্ক
৩১ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভ্যানচালক বিকাশ গাইন ওরফে কালু হত্যাকাণ্ডের প্রায় ৬ বছর পর আদালত রায় ঘোষণা করেছেন। ঘটনায় অভিযুক্ত দুইজনের মধ্যে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপরজনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কোনো আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু জানান, ২০১৯ সালের ১৫ ডিসেম্বর রাতে ঢাকার যাত্রাবাড়ি থেকে কয়েক বন্ধু মিলে সিদ্ধিরগঞ্জের পাইনাদী কুয়েতপ্লাজা এলাকায় আসে। তাদের সঙ্গে এক বা একাধিক যৌনকর্মীও ছিল। আনন্দ-ফুর্তির সময় বন্ধুদের মধ্যে ঝগড়া বাধে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঝগড়ার একপর্যায়ে বিকাশ গাইন ওরফে কালুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে নিহতের বড় ভাই গোবিন্দ লাল গাইন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিলে বিচারিক কার্যক্রম শুরু হয়।

বিকাশ গাইন ছিলেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার তেঁতুলাপাড়া এলাকার কেশব গাইনের ছেলে। পেশায় তিনি ভ্যানচালক ছিলেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দণ্ডপ্রাপ্তদের গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।