ফেসবুকে অস্ত্র ও হাতবোমার ভিডিও ভাইরাল, নড়িয়ায় যুবক আটক

দেশজুড়ে
ফেসবুকে অস্ত্র ও হাতবোমার ভিডিও ভাইরাল, নড়িয়ায় যুবক আটক
নিউজ ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশীয় অস্ত্র ও হাতবোমার ভিডিও প্রকাশ করে চাঞ্চল্য ছড়ানোয় রিয়াদ গোরাপী (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রিয়াদ গোরাপী স্থানীয় সামাদ গোরাপীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতের দিকে নিজের ফেসবুক স্টোরিতে রিয়াদ দেশীয় তৈরি অস্ত্র এবং হাতবোমা সদৃশ বস্তু প্রদর্শনের ভিডিও আপলোড করে। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

খবর পেয়ে পুলিশ রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে রিয়াদকে তার বাড়ি থেকে আটক করে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন:

“সামাজিক মাধ্যমে বিস্ফোরক ও অস্ত্র সংক্রান্ত ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় রিয়াদ গোরাপী নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ ভিডিও প্রকাশের বিষয়টি স্বীকার করেছে, বলে জানিয়েছে পুলিশ।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রিয়াদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এবং অস্ত্র ও বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের মতে, এই ধরনের কন্টেন্ট সামাজিক মাধ্যমে প্রচার অপরাধপ্রবণতা বাড়াতে উৎসাহিত করতে পারে। প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।