মোংলায় যৌথ অভিযানে ৬৮৮ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
বাগেরহাটের মোংলায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। অভিযানে সুমি বেগম (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পোর্ট পুরাতন আবাসিক এলাকার কবরস্থান রোড সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে কোস্টগার্ড পশ্চিম জোন এবং মোংলা থানা পুলিশের একটি যৌথ টিম।
আটক সুমি বেগম মোংলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাতারাতি কলোনির বাসিন্দা মো. সুলতান আহম্মেদের মেয়ে।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “অভিযানে সুমি বেগমের কাছ থেকে ৬৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪৪ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
তিনি আরও বলেন, “আটক নারী এবং জব্দকৃত মাদক মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “গ্রেফতারকৃত সুমি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।”


