গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বহুল প্রত্যাশিত সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করেন, যদি গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হয়, তাহলে দেশে নতুন করে “গুপ্ত স্বৈরাচার” মাথাচাড়া দিতে পারে।
তিনি বলেন,
“২০০৮ সালের তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে এবং ওয়ান ইলেভেনের মাধ্যমে দেশে স্বৈরাচার জেঁকে বসেছিল। এবারও আমরা যদি বিভক্ত থাকি, একই পরিণতি অপেক্ষা করছে। আমাদের পথ একটাই— ‘সবার আগে বাংলাদেশ’।”
লন্ডন থেকে সরাসরি ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তারেক রহমান বলেন,
“আজ অনেক কথা হলো। এখন সময় কাজের। আজকের সম্মেলনের স্লোগান হোক— ঐক্য, জনগণ ও পুনর্গঠন। আমাদের নেতাকর্মীরা ইতোমধ্যে জেল-জুলুম সহ্য করেছে। এখন আমাদের ঘরে ঘরে যেতে হবে, মাঠে নামতে হবে।”
শনিবার বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে অনুষ্ঠিত হয় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। এতে সভাপতিত্ব করেন জেলার আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)।
সম্মেলনে সর্বসম্মতিতে জাকারিয়া তাহের সুমনকে সভাপতি এবং ভিপি ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
সম্মেলনের প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন,
“এই দেশে দুই লাখ ৮০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এখন পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এই আওয়ামী লীগের ইতিহাস শুধু লুটপাটের ইতিহাস।”
তিনি আরও বলেন,
“জুলাইয়ের অভ্যুত্থানে ১,৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। ২০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। এসব আমরা ভুলে যেতে পারি না। আমরা সবাই জুলাইয়ের যোদ্ধা। তবে এই চেতনা যেন কেউ বিক্রি না করে।”
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ কুমিল্লা দক্ষিণ বিএনপির সম্মেলন হয়েছিল ২০০৯ সালের ২৪ নভেম্বর। এরপর ২০২২ ও ২০২৫ সালে কয়েক দফা আহ্বায়ক কমিটি গঠন ও পুনর্গঠনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো জেলা সম্মেলন।


