পটুয়াখালীতে শুরু হয়েছে বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি

দেশজুড়ে
পটুয়াখালীতে শুরু হয়েছে বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি
নিউজ ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫

পটুয়াখালী শহরের বেওয়ারিশ কুকুরদের জলাতঙ্ক (রেবিস) থেকে সুরক্ষায় শুরু হয়েছে মাসব্যাপী টিকাদান কর্মসূচি। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের ঝাউবন এলাকার ফোর লাইন সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পটুয়াখালী পৌরসভা ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে, পরিবেশবাদী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’র সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

কর্মসূচির আওতায় শহরের নিউমার্কেট, পুরান বাজার, বাসস্ট্যান্ড, সদর রোড, লঞ্চঘাট, সবুজবাগ ও তিতাস মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিদিন কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে। লক্ষ্যমাত্রা—এক হাজারেরও বেশি কুকুরকে টিকা প্রদান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান বলেন, “পথকুকুর ও গৃহপালিত কুকুরদের জলাতঙ্ক থেকে সুরক্ষায় আমরা এই কর্মসূচি নিয়েছি। প্রতিটি টিকা দেওয়া কুকুরকে লাল রঙের চিহ্ন দিয়ে শনাক্ত করা হচ্ছে।”

‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’র রেসকিউ অ্যান্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুসা বলেন, “আমরা নিজেদের খরচে ও স্বেচ্ছাশ্রমে এই উদ্যোগে অংশ নিচ্ছি। এর আগেও অসুস্থ ও আহত প্রাণী উদ্ধারসহ নানা প্রাণীকল্যাণমূলক কাজ করেছি।”

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মাসুম বিল্লাহ, পৌর মেডিকেল অফিসার ডা. এস এম একরামুল নাহিদ, সংগঠনের সভাপতি নওশিন আফরোজ হিয়াসহ সংশ্লিষ্টরা।

পটুয়াখালী পৌর প্রশাসক মো. জুয়েল রানা বলেন, “মানুষ ও কুকুর—উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনায় টিকাদান কর্মসূচিটি বাস্তবায়ন করছি।”