কালীগঞ্জে সিআইডি পরিচয়ে তরুণী অপহরণের চেষ্টা, নারী সদস্য গ্রেফতার

দেশজুড়ে
কালীগঞ্জে সিআইডি পরিচয়ে তরুণী অপহরণের চেষ্টা, নারী সদস্য গ্রেফতার
নিউজ ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) পরিচয় দিয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সময়মতো অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার এবং একজন নারী অপহরণকারীকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার হওয়া রাবেয়া বেগম (৪৫) উপজেলার বড়গাঁও গ্রামের ছাদেক ভূঁইয়ার স্ত্রী। তাকে রোববার (১৯ অক্টোবর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী তরুণীর পরিবারের দাবি, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ছয়জন ব্যক্তি নিজেদের সিআইডি সদস্য বলে পরিচয় দিয়ে তাদের বাড়িতে ঢোকে। কিছু বুঝে ওঠার আগেই তরুণীকে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে তারা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত প্রতিরোধ গড়ে তোলে এবং পুলিশে খবর দেন। পুলিশ এসে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার এবং রাবেয়া বেগমকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।

রোববার সকালে ভুক্তভোগীর মা মাকসুদা আক্তার বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় দুই নারীসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন,

“ঘটনার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিই। অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়েছে এবং একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাবেয়া বেগম সরাসরি অপহরণ চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”

সিআইডির পরিচয় ব্যবহার করে অপহরণের এমন চেষ্টায় স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকে ঘটনাটিকে সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ বলে সন্দেহ করছেন।
পুলিশ বলছে, ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা চলছে এবং চক্রটি আগে থেকেই কোনো উদ্দেশ্য নিয়ে অপহরণ পরিকল্পনা করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।