ভৈরবে ট্রেন থামিয়ে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ
ভৈরবকে দেশের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র-জনতা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব জংশন স্টেশনে তারা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে ভৈরবকে জেলা করার দাবি জানিয়ে আসলেও সরকার তা বাস্তবায়ন করছে না। এরই প্রতিবাদে তারা রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন।
অবরোধের কারণে ভৈরব জংশন থেকে ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–সিলেট ও কিশোরগঞ্জ–ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এ সময় প্ল্যাটফর্মে আটকে থাকা ট্রেনের যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিন, ছাত্রনেতা মোহাম্মদ জাহিদুল, মাওলানা শাহরিয়ার, গণ অধিকার পরিষদের সংগঠক ইমতিয়াজ আহমেদ, ছাত্রনেতা গোলাম মহিউদ্দিন ও মুহাম্মদ জুনায়েদ প্রমুখ।
তারা বলেন, “ভৈরব একটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল, এখানে শিল্প, শিক্ষা ও বাণিজ্যের বিশাল সম্ভাবনা রয়েছে। তাই প্রশাসনিক সুবিধার জন্য ভৈরবকে দ্রুত জেলা ঘোষণা করা জরুরি।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১২টা) রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ভৈরব জংশন স্টেশন মাস্টার।


