কক্সবাজার-৪ বিএনপি মনোনয়ন নিয়ে বিক্ষোভ, সড়কে টায়ার জ্বালিয়ে কলাগাছ রোপণ
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহর সমর্থকরা। সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং প্রতিবাদের অংশ হিসেবে সড়কের পাশে কলাগাছ রোপণ করেন।
দলের ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকায় মোহাম্মদ আবদুল্লাহর নাম না থাকায় তার সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন। ওই আসনে পুনরায় মনোনয়ন পেয়েছেন সাবেক হুইপ ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
বিক্ষোভকারীরা রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত টেকনাফ পৌর এলাকার পুরাতন বাজার, হোয়াইক্যং মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় তারা “মনোনয়ন পরিবর্তন চাই” স্লোগান দিতে থাকেন।
ঘটনার পর আবদুল্লাহর ছোট ভাই ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি ফেসবুক পোস্টে লেখেন, “দলের সিদ্ধান্তই চূড়ান্ত। সবাই ধৈর্য ধরুন ও সংগঠনের প্রতি আনুগত্য বজায় রাখুন।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় বিএনপি ২৩৭টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করেন।
এর মধ্যে কক্সবাজার-৪ আসনে শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হলে মোহাম্মদ আবদুল্লাহর সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।


